দিনাজপুরে মা ও শিশু কন্যার ঝুলন্ত লাশ উদ্ধার
প্রতিকী ছবি
দিনাজপুরের খানসামায় একই রশিতে ঝুলন্ত মা ও শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যার কথা বলছেন।
মৃত দুইজনের শয়নকক্ষে একটি চিঠি পাওয়া গেছে যেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।
তবে দুই পৃষ্ঠার এই চিঠির হাতের লেখা মৃত নারীর কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।
মৃতরা হলেন খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের বেণুপাড়া এলাকার ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রায় (২৪) এবং তাঁর মেয়ে নীলাদ্রি রায় (৬)।
বুধবার দিবাগত রাতে খানসামার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের বেণুপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, সংসারের কাজের পাশাপাশি পড়াশোনা করতেন মৃত সুজাতা রায়।
বুধবার সন্ধ্যায় সুজাতা ও তার মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মৃত নারীর জা স্বপ্না রায়। এরপর তিনি পরিবারের বাকি লোকজনকে ডাকাডাকি করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে।
জানা গেছে, ২০১৮ সালে পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া ঝাউপাড়ার অমিত্য রায়ের মেয়ের সঙ্গে ভক্ত রায়ের বিয়ে হয়।ভক্ত রায় পেশায় একজন দর্জি। মৃত সুজাতা রায় অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন।
খানসামা থানার ওসি নজমুল হক জানান, মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, চিঠিটি নিহতের লেখা কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা করা হবে।