তথ্য মেলায় মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে তুলকালাম

তথ্য মেলায় মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে তুলকালাম

সংগৃহীত

রংপুরে তথ্য মেলার চারটি স্টলে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে ব্যাপক তুলকালাম কাণ্ড ঘটেছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা হয় স্টল সংশ্লিষ্টদের। এ বিষয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি এবং জেলা মৎস্য কর্মকর্তাকে ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর মহানগরীর পাবলিক লাইব্রেরি মাঠে এই ঘটনা ঘটে।

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) দু’দিনের এই তথ্য মেলার আয়োজন করে। এটা উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল।

স্থানীয়রা জানায়, মেলা উদ্বোধনের পর নানা শ্রেণি-পেশার মানুষ ঘুরতে যায় সেখানে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পরিদর্শন করতে গিয়ে চারটি স্টলে দেখতে পান মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী সংবলিত লিফলেট প্রচার হচ্ছে।

স্টলগুলো হলো - রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা মৎস্য অফিস, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনার অফিসের স্টল।  

সেখানে বিতরণ করা লিফলেটগুলোতে লেখা ছিল,  ‘নিরাপদ মাছে ভরব দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ,’ বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে, আগামীতেও মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা - মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। আওয়ামী লীগ সরকারের সময়কার মুজিববর্ষের লোগোও দেখা যায় লিফলেটে।

এ ধরনের ফ্যাসিবাদী লিফলেট বিতরণ করার বিষয়টি নিয়ে সেখানে প্রতিবাদ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরান জানান, একেবারে ভুলবশত অফিসের কেউ এনেছেন লিফলেটগুলো। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সেগুলো সরানো হয়েছে। 

উল্লেখ্য, দু’দিন ব্যাপী এই তথ্য মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রবিউল ফয়সাল।