সুনামগঞ্জে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন
সংগৃহীত
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর স্টেডিয়াম খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।
বৃহত্তর ষোলঘর এলাকাবাসীর ব্যানারে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে পৌরসভার বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, প্রতিবছর বাণিজ্য মেলার নামে মাঠ বন্ধ করে মেলা আয়োজন করে গান-বাজনাসহ সার্কাসের মহড়ার মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্ট করা হয়। দীর্ঘ সময় মেলার মাঠ বন্ধ থাকায় খেলাধুলা থেকে বঞ্চিত হন এলাকার ক্রীড়ামোদীরা।
খেলার মাঠে মেলা আয়োজনে কোনো বিধি-বিধান না থাকলেও অর্থনৈতিক সুবিধার মাধ্যমে প্রতিবছরই মেলার অনুমোদন দেওয়ার অভিযোগ তুলেন বক্তারা। শিশু-কিশোরদের মেধা বিকাশের স্বার্থে বাণিজ্য মেলার মাঠ অন্যত্র স্থানান্তরের দাবি তুলেন তারা। এলাকাবাসীর দাবি উপেক্ষা করে মেলা আয়োজন করলে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টরা।
সাংবাদিক লুৎফুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন - স্থানীয় বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, জয়নাল আবেদীন পীর, আব্দুল ওয়াদুদ পীর, এমরান হোসেন শেমল, মাহবুবুর রহমান রুবেল প্রমুখ।