বগুড়ায় রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফাইল ছবি

বগুড়ায় চাঞ্চল্যকর রানা পাইকাড় হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে নন্দীগ্রাম উপজেলার দেওগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মজিদ ফকির। তিনি বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত মংলা ফকিরের ছেলে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, পূর্ব শত্রুতার জের ধরে দলবদ্ধ হয়ে গুরুতর জখম করে নৃশংসভাবে রানা পাইকাড়কে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি মজিদ ফকির ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।