সি-ফুড সংরক্ষণ ও রান্নার পদ্ধতি সঠিক না হলে বিপদ

সি-ফুড সংরক্ষণ ও রান্নার পদ্ধতি সঠিক না হলে বিপদ

ফাইল ছবি

বর্তমান সময়ে সামুদ্রিক মাছ, কাঁকড়া বেশ জনপ্রিয় খাবার। এগুলো খেতে যেমন ভালো লাগে, তেমনই সঠিক ভাবে রান্না না করলে তা পেটে গিয়ে বিষক্রিয়ার কারণও হতে পারে। অনেক সময়েই দেখা যায়, সি-ফুড থেকে অ্যালার্জি হচ্ছে অথবা অন্ত্রে সংক্রমণ হচ্ছে। এর জন্য কিন্তু সঠিক ভাবে সংরক্ষণ না করা এবং রান্নার প্রণালি অনেকটাই দায়ী।

চিকিৎসকরা জানাচ্ছেন, সি-ফুড বেশি পরিমাণে খেলে অম্বল, বদহজম, ডায়রিয়া হতে পারে। হঠাৎ বেশি সামুদ্রিক মাছ খেতে শুরু করলে হজম হতে সমস্যা হবে। বেশির ভাগ সময়েই দেখা যায়, বাজারে যেসব সামুদ্রিক মাছ বিক্রি হয় সেগুলো দীর্ঘদিন সংরক্ষণের জন্য পিউরিন মেশানো হয়। এই রাসায়নিক শরীরে গেলে রক্তচাপের সমস্যা হতে পারে, হৃদ্‌রোগের আশঙ্কাও বাড়তে পারে।

সি-ফুড মানে কিন্তু কেবল সামুদ্রিক মাছ নয়, এর মধ্যে চিংড়ি, কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, ঝিনুক ইত্যাদিও পড়ছে। এখন হেটোল-রেস্তোরাঁ বা সমুদ্রে বেড়াতে গিয়ে অনেকেই সি-ফুড অর্ডার করে খান। এইসব প্রাণীর শরীরে অনেক সময়েই সীসা, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু থাকে যা হার্টের জন্য খুবই খারাপ। তা ছাড়া সামুদ্রিক মাছ ও অন্যান্য প্রাণীর শরীরে নানা রকম পরজীবী জন্মায়। সেগুলো দীর্ঘ দিন শরীরে ঢুকতে থাকলে স্নায়ু ও মস্তিষ্কের নানা রোগ হতে পারে। বাজার থেকে কিনে এনে সঠিক ভাবে সংরক্ষণ না করলে অন্ত্রে বিষক্রিয়ার কারণ হতে পারে।

সি-ফুড কীভাবে সংরক্ষণ করলে সমস্যা হবে না?

১. বাজার থেকে সামুদ্রিক মাছ কিনে আনার পর বেশিক্ষণ ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব মাছটিকে পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রাখুন।

২. যদি ফ্রোজেন সি-ফুড কেনেন, তাহলে খেয়াল রাখতে হবে সেগুলো যেন ভালো ভাবে সংরক্ষণ করা হয়। ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে রেখে দেওয়া সি-ফুড কিনুন। কেনার আগে মোড়ক ভালো করে দেখে নিন। বাড়িতে এনে সেগুলোকে দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করুন।

৩. বাজার থেকে কাঁচা সামুদ্রিক মাছ কেনার সময় ভালো ভাবে দেখে নিতে হবে টাটকা কি না। দীর্ঘ দিন বরফে চাপা মাছ স্বাস্থ্যকর নয়।

৪. রান্না করা খাবারের পাশে কাঁচা সামুদ্রিক মাছ অথবা চিংড়ি, কাঁকড়া রাখবেন না। এতে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকবে। সবসময়েই সি-ফুড আলাদা জায়গায় রাখতে হবে।

৫. কাঁচা ও টাটকা সামুদ্রিক মাছ ভালো রাখার জন্য সেলোফোন র‌্যাপ করে বা এয়ারটাইট পাত্রে রেখে তবেই ফ্রিজে রাখুন।