দেড় দশক পর যশোরে জামায়াতের কর্মী সম্মেলন; দেড় লাখ লোক সমাগমের টার্গেট
ছবি: প্রতিনিধি
টিআই তারেক: ১৬ বছর পর (২৭শে ডিসেম্বর) শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৬শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলায় ২০০৮ সালের পর প্রকাশ্যে কোন সভা-সম্মেলন করতে পারেনি । গত ১৬ বছর গণতন্ত্রের শত্রু ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশের সকল বিরোধী রাজনৈতিক দল ও মতের উপর দমন-পীড়ন চালিয়েছে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর এ জুলুম-নির্যাতনের মাত্রা ছিলো বেশি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা ও নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীকে কথিত বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে।
সাবেক আমীরে জামায়াত ভাষা সৈনিক, কেয়ারটেকার সরকারের রূপকার অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমীর মাওলানা এ কে এম ইউসুফ, সিনিয়র নায়েবে আমীর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক সংসদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী, ৫ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানসহ অসংখ্য নেতা-কর্মীকে কারাগারে বন্দী রেখে হত্যা করেছে । ফাসির রায় দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলামকে জেলাখানায় বন্দী রেখেছিলো।
বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অনুগত ও অতি উৎসাহী আইনশৃংখলা বাহিনীর কিছু কর্মকর্তা ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলায় ১০ জন নেতা-কর্মীকে হত্যা করেছে ও অসংখ্য নেতা-কর্মীদেরকে গুলি করে পঙ্গু করেছে। আওয়ামীলীগ সরকার যশোর জেলা জামায়াতের হাজার হাজার নেতা-কর্মীর নামে প্রায় ১২০০ অধিক মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস কারাগারে বন্দী করে রেখেছিল । হাজার হাজার নেতা-কর্মীকে ঘর-বাড়ি ছাড়া করা হয়েছিল। বাড়ি ঘরে ঘুমাতে পারেনি অসংখ্য নেতা-কর্মী । জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয় খুলতে দেওয়া হয়নি। গত ৫ আগষ্ট ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে দেশ ২য় বার স্বাধীনতা লাভ করেছে। দেশের মানুষ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে । গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়ে দেশের সকল রাজনৈতিক দল স্বাধীনভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারছে । এমন একটি পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৯ টায় যশোরের ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলন করবে । এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, নায়েবে আমীর হাবিবুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, এ্যাডভোকেট গাজী এনামুল হক, শহর আমীর অধ্যাপক শামসুজ্জামান, ভিপি আব্দুল কাদের প্রমুখ।