হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টা, ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টা, ঢাবি প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাশে মেট্রোরেলের ফিলারে শেখ হাসিনার গ্রাফিতি (ঘৃণাস্তম্ভ) মোছার চেষ্টার ঘটনায় ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর, হল পাড়া প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে বাম ছাত্র সংগঠন ও ছাত্রদলের কিছু কর্মীকেও অংশ নিতে দেখা যায়।

মিছিলে শিক্ষার্থীরা ‘ওয়াসিম-সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘বাহ ভিসি চমৎকার, ফ্যাসিবাদের পাহারাদার’, ‘বাহ প্রক্টর চমৎকার, স্বৈরাচারের পাহারাদার’, ‘প্রক্টরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে’, ‘স্বৈরাচারের দোসর তারা, ঘৃণাস্তম্ভ মুছলো যারা’, ‘চব্বিশের চেতনা, বৃথা যেতে দেবো না'সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।