অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত, শিশুসহ আহত ৫

অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত, শিশুসহ আহত ৫

প্রতিকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজি-চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরো পাঁচজন।

নিহতরা হলেন- আছিয়া বেগম (৬৫)। তার বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। আর আহত পাঁচজনের মধ্যে আলেয়া খাতুন (৬০), শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০) এর পরিচয় জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল রোববার বিকাল চারটার দিকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে উল্টোপথে গজারিয়ার দিকে যাচ্ছিলো একটি সিএনজি। পথে সিএনজিটি মহাসড়কের সোনারগাঁও অংশের মেঘনা সেতুর ঢালে ঢাকাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এক নারী। এ ঘটনায় দশ মাস বয়সী এক শিশুসহ আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনায় আহত আলেয়া খাতুন বলেন, গজারিয়া উপজেলায় আনোয়ার গ্রুপে আমার ছেলে রাকিব কাজ করে। ছেলের সঙ্গে দেখা করতে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলাম। পথে দুর্ঘটনার শিকার হই।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত দুজন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর জেনেছি। শুনেছি বাকিরা চিকিৎসাধীন। বিস্তারিত পরে বলতে পারবো।