অনিয়ম-নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ নাঙ্গলকোটে কলেজ অধ্যক্ষ বরখাস্ত
ছবি : সংগৃহীত
কুমিল্লার নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ গভর্নিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজের ল্যাব সহকারী জাকির হোসেন ২০২৩ সালের ২৭ জুলাই ইউরোপের দেশ ইতালিতে চলে যান। ল্যাব সহকারী জাকির হোসেনের অনুপস্থিতিতে ওই কলেজ অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকারি বেতন ভাতা উত্তোলন করে আত্মসাৎ করেন। এছাড়াও তিনি কলেজ গভর্নিং বডির গত চার সভায় রেজুলেশন বই, শিক্ষক হাজিরা খাতাসহ কোন ডকুমেন্ট উপস্থাপন করতে পারেননি। এ ব্যাপারে গত ১৪ নভেম্বর অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু অধ্যক্ষ নোটিশের সঠিক কোন জবাব দিতে পারেননি।
এরই প্রেক্ষিতে সোমবার (৩০ ডিসেম্বর) গভর্নিং বডির সভায় তাকে সাময়িক বরখাস্ত করে তার স্থলে কলেজের জৈষ্ঠ্য শিক্ষক হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। ইতোপূর্বেও অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগে তৎকালীন গভর্নিং বডি তাকে সাময়িক বরখাস্ত করেছিল। এরপর ১৭ মাস পর পুনরায় চাকুরিতে পুর্নবহাল করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিল করার পর নতুন এডহক কমিটি করা হয়। ওই কমিটিতে বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি অ্যাডভোকেট শাহজাহানকে সভাপতি করা হয়।
বহিষ্কারের বিষয়ে অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনের লাইন কেটে দিয়ে বন্ধ করে দেন।
হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট শাহজাহান বলেন, বিগতদিনে অনিয়ম, নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাতসহ বিভিন্ন কারণে অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।