হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে শিশুর মৃত্যু

হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে শিশুর মৃত্যু

ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে মো. মাহি নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে বাড়ির পাশের চোরা খাল থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

মাহি একই গ্রামের মো. মামুনের ছেলে।

স্থানীয়রা জানান, মাহির বাবা পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। চলতি বছরের মে মাসে মাহির বাবা মোল্লা গ্রামে এসে নতুন বাড়ি করে বসবাস শুরু করেন।

লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে মোল্লা গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত রয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এসময় ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায় শিশুটি। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশে চোরা খাল থেকে প্রতিবেশী বেলাল ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।