রাজধানীকে যানজটমুক্ত রাখতে মঙ্গলবার ডিএমপির ট্রাফিক নির্দেশনা
ফাইল ছবি
রাজধানী ঢাকাকে যানজটমুক্ত রাখতে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আগত যানবাহনসমূহকে ট্রাফিক নির্দেশনাসমূহ মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশকৃত যানবাহনসমূহ মানিক মিয়া এভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশ পথ দিয়ে আগত যানবাহনসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে। আব্দুল্লাহপুর হয়ে প্রবেশকৃত যানবাহনসমূহ ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।
ঢাকা মহানগর এলাকা যানজট মুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শহীদ মিনার কেন্দ্রিক অনুষ্ঠানে আগত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে ডিএমপি।
সূত্র : বাসস