থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার

ছবি : সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইটে কোনো থ্রেট নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি’র নেয়া নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

তিনি বলেস, ‘থার্টি ফাস্ট নাইট ও ইংরেজী নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় অতিরিক্ত তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।’

থার্টি ফার্স্ট ও ইংরেজী নববর্ষ উদযাপনকে ঘিরে ঢাকা মহানগরীতে কেমন পুলিশ ফোর্স মোতায়েন করা হবে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা শহরের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। প্রত্যেক ফাঁড়ি থেকে রাতে কমপক্ষে দু’টি পেট্রোল টিম থাকে, থানা থেকে চারটি-পাঁচটি টিম থাকে। এটা আমাদের রেগুলার ডিপ্লোয়মেন্ট। আজকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এর বাইরে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা মনে করছি এটা যথেষ্ট।’

তিনি আরো বলেন, ‘আমরা কিছু পয়েন্টকে টার্গেট করেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, ৩০০ ফিট, উত্তরা দিয়াবাড়ী এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকবে। আমাদের পুলিশ ফোর্সের পাশাপাশি পরিবেশ অধিদফতরের ম্যাজিস্ট্রেটরা থাকবেন। ওনারা যেকোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালালে আমাদের ফোর্স তাদের সহযোগিতা করবে।’

পৃথিবীর বিভিন্ন দেশে আতশবাজি ফুটিয়ে ইংরেজী নববর্ষকে বরণ করা হয়, বাংলাদেশে পরিবেশের এত সমস্যা কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমত, পৃথিবীর বেশিভাগ দেশে এটি নববর্ষ, আমাদের দেশে নয়। দ্বিতীয়ত, অন্যান্য দেশে একটি নির্দিষ্ট স্থানে ইংরেজী নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়, পুরো শহর জুড়ে নয়। আমরাও এ বছর ঢাকা মহানগরীর একটি নির্দিষ্ট স্থানে নববর্ষ উদযাপনের অনুষ্ঠান আয়োজন করার চিন্তা করেছিলাম। কিন্তু এ বছর পারিনি। আশা করি, আগামী বছর আমরা পারবো।’

পুলিশের মনোবল ফিরে এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের মনোবলের যে ঘাটতি ছিল, এটি আমরা উৎরিয়ে উঠেছি। আমাদের এখনো কোনো সমস্যা নেই। আমরা যে কোমায় যাওয়ার অবস্থায় গিয়েছিলাম, সেটি থেকে ফিরে এসেছি। আমাদের অফিসারদের মনোবল এখন অনেক ভালো।’

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো থ্রেট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো থ্রেট নেই।’

এর আগে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তায় গত এক সপ্তাহ রাজধানীতে অভিযান পরিচালনা করে ১২৭ কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছি। এ বিষয়ে পাঁচটি মামলা হয়েছে এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

এ সময় তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, ‘শুধু পুলিশ বা পরিবেশ অধিদফতর দিয়ে শব্দ দূষণ বন্ধ করা সম্ভব নয়। এজন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। আমরা সকলের সহযোগিতা চাই।’

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।