রেসিপি: থাই স্যুপ
ফাইল ছবি
বিভিন্ন স্যুপের মধ্যে থাই স্যুপের জনপ্রিয়তা রয়েছে বেশ। তবে বাইরে খেতে গেলে একগাদা পয়সা তো খরচ হয়ই, সেইসঙ্গে তা অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। তবে এসব সমস্যা হবে না যদি আপনি বাড়িতেই এই স্যুপ তৈরি করে খান। শীতের সন্ধ্যায় ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সহজেই এটি তৈরি করতে পারবেন।
চলুন জেনে নেয়া যাক থাই স্যুপ তৈরির রেসিপি-
উপকরণ
চিকেন স্টক- ৩ কাপ
মুরগির মাংস কিউব- ১/৪ কাপ
চিংড়ি- ১/২ কাপ
কাঁচা মরিচ ফালি- ৩টি
লেমন গ্রাস- ১০ টুকরা
লবণ- ১ চা চামচ
চিনি- ২-৩ চা চামচ
কর্ন ফ্লাওয়ার- দেড় টেবিল চামচ
টমেটো সস- ৩ টেবিল চামচ
সুইট চিলি সস- দেড় টেবিল চামচ
ডিমের কুসুম- ২টি
ভিনেগার/লেবুর রস- ১ চা চামচ।
প্রণালি
প্রথমে আধা কাপ ঠান্ডা চিকেন স্টকের সাথে ভালোভাবে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে নিন। ডিমের কুসুম ফেটে নিন। যে পাত্রে স্যুপ তৈরি করা হবে সে পাত্রে একে একে চিকেন স্টক, গোলানো কর্ণ ফ্লাওয়ার, কাঁচা মরিচ ফালি, মুরগির মাংস, চিংড়ি মাছ, লবণ, লেমন গ্রাস, চিনি, টমেটো সস, সুইট চিলি সস, ডিমের কুসুম, লেবুর রস সব একসঙ্গে ভালো করে মেশান।
এবার পাত্রটি চুলায় বসিয়ে দিন। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। এই ১০ মিনিট সারাক্ষণ স্যুপ নাড়তে থাকুন। ১০ মিনিট পর স্যুপের পাত্র চুলা থেকে নামিয়ে নিন, এই সময়ের মধ্যেই চিংড়ি ও মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে এবং স্যুপ ঘন হয়ে যাবে। এরপর মজাদার চিলি ওয়াটারের সঙ্গে পরিবেশন করুন গরম গরম থাই স্যুপ।