ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব
ফাইল ছবি
ইবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল হাদিস এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইউসুব আলী।
রবিবার (০৫ জানুয়ারি) ক্যাম্পাস পার্শ্ববর্তী একটি মিলনায়তনে শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন সভাপতি নির্বাচন এবং পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনয়ন দেওয়া হয়। এসময় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করেন এবং নাম ঘোষণা করেন।