ত্বকের যত্নে কাঁচা দুধের উপকারিতা

ত্বকের যত্নে কাঁচা দুধের উপকারিতা

ফাইল ছবি।

মুখের লাবণ্য ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখবে কাঁচা দুধ। বছর প্রায় শেষ হতে চলল তবু ত্বকের লাবণ্য ফিরল না। সারা বছর স্কিন কেয়ার করেছেন। মাঝেমধ্যে ফেসিয়ালও করেছেন কিন্তু লাবণ্য কই। প্রতিদিন কাজে বেরোতে হয় এবং রোদে ত্বকের বেহাল দশা। তার সঙ্গে ধুলোবালিও থাকে। তাই যতই আপনি ভালো মানের ফেসওয়াশ বা সিরাম ব্যবহার করুন, ত্বকের সৌন্দর্য ধরে রাখা সহজ কথা নয়।

বছর শেষ হওয়ার আগে মুখের লাবণ্য ফিরে পেতে চাইলে বাসায় তৈরি ফেসপ্যাকের উপর ভরসা রাখুন। প্রসাধনী ব্যবহারের পাশাপাশি ঘরোয়া উপাদানে তৈরি ফেসপ্যাক ত্বকের উপর দুর্দান্ত কাজ করে। কাঁচা দুধে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকে আর্দ্রতা যোগায়, ত্বকের সমস্যা কমায় এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। নিয়মিত কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বক অনেক বেশি নরম ও কোমল হয়ে ওঠে। তবে, জেল্লা ফেরাতে হলে মুখে শুধু কাঁচা দুধ মাখলে চলবে না। ব্যবহার করতে হবে দুধের তৈরি এই ফেসপ্যাক।

কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার

তুলার বল দুধে ভিজিয়ে মুখে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ময়লা এবং তেল দূর করে ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে।

কাঁচা দুধ এবং বেসনের প্যাক

এক চামচ বেসনের সঙ্গে পরিমাণমতো দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন। এটি ত্বকের ট্যান ট্যান ভাব দূর করে।

হলুদ ও দুধের ফেসপ্যাক

কাঁচা দুধের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে মেখে নিন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। হলুদ যেমন ত্বকের সমস্যা কমায়, তেমনই ত্বকের জেল্লাও বাড়িয়ে তোলে। অন্যদিকে, দুধের মধ্যে ময়েশ্চারাইজিং এজেন্ট রয়েছে, যা ত্বককে নরম তুলতুলে করে তোলে। এই ফেসপ্যাক ব্যবহার করলে শীতের মরশুমে ত্বক অনেক বেশি সতেজ দেখাবে।

মধু ও দুধের ফেসপ্যাক

শীতকালে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায়। এর জেরেও অনেক সময় ত্বকের জেল্লা হারিয়ে যায়। সে ক্ষেত্রে আপনি মধু ও দুধের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। মধু ও কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে মুখে মাখুন। এই ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং জেল্লা ফিরিয়ে আনবে। সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই শীতকালে শুষ্ক ও জেল্লাহীন ত্বকের সমস্যা থেকে মুক্তি মিলবে।

ওটমিল ও দুধের ফেসপ্যাক

১ চামচ ওটস গুঁড়ো করে নিন। এতে দুধ মিশিয়ে মুখে মাখুন। ১৫-২০ মিনিট পর হাল্কা হাতে ফেসপ্যাকটা মুখে লাগিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের উপরিতলে জমে থাকা মৃত কোষের স্তর পরিষ্কার করে দেয়। পাশাপাশি শুষ্ক ত্বকে আর্দ্রতার জোগান দেয়। ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, ওটমিল ও দুধের ফেসপ্যাক যেকোনো ধরনের ত্বকের উপর দুর্দান্ত কাজ করে।