জেনে নিন নারীদের সুস্থতায় যেসব খাবার বেশি খাওয়া উচিত
ছবিঃ সংগৃহীত।
নারী মানেই বিশ্রাম কম আর কাজ বেশি। প্রতিদিন রান্নাঘরের পাশাপাশি অফিসেরও কাজও সামলানো লাগে অনেক নারীদের। তাই মেয়েদের শারীরিকভাবে সুস্থ থাকাটা জরুরি। কিন্তু সংসারের খুঁটিনাটি কিংবা অফিসের দায়িত্ব পালনের পর নিজ স্বাস্থ্যের দিকে তাকানোর সময় পান না নারীরা। তাই কম বয়সেই হাড়ের ক্ষয়, শরীরে আয়রনের ঘাটতি সহ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েন।
আর নারী শরীরে যত্নের অভাবে অনেক রোগ-বালাই দেখা দেয়। সময়ের আগেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার মত সমস্যায় ভুগতে হয়।
চল্লিশ পেরিয়ে গেলে তাই নারী শরীরের চাই বিশেষ যত্ন। সঠিক খাওয়াদাওয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। পর্যাপ্ত প্রোটিন শরীরের অনেক ক্ষয়ক্ষতি রুখে দিতে পারে। চলুন জেনে নেই সুস্থ থাকতে কোন খাবারগুলি বেছে নিতে পারেন মেয়েরা।
ডিম
নারীদের প্রতিদিন খাবার তালিকায় অন্তত একটি করে ডিম রাখা জরুরি কারণ ডিম শরীরকে শক্তি জোগাতে অন্যতম বিকল্প ভূমিকা রাখে। একটি ডিমে প্রোটিনের পরিমাণ প্রায় ১৩ গ্রাম। প্রোটিন ছাড়াও ডিমে রয়েছে অ্যামিনো অ্যাসিড, মিনারেলস, ভিটামিনের মতো উপকারী উপাদান, যেগুলি শরীরের প্রয়োজনীয় উপাদানের ঘাটতি মেটায়।
মাছও মুরগির মাংস
ছোট ছোট সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম (যেমন: সালমন,মলা, টুনা) ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। সামুদ্রিক মাছে ভিটামিন-এ এবং ভিটামিন-ডি থাকে। যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হাড় মজবুত করে। হৃদরোগে আক্রান্ত ও ডায়াবেটিস রোগীদের জন্য সামুদ্রিক মাছ বেশ উপকারী। তাছাড়া চর্বি কম ও প্রোটিন সমৃদ্ধ মুরগির মাংস খেতে পারেন এতে শরীরে ক্যালরি পরিমাণ ঠিক রাখে।
ফলমূল ও শাক সবজি
প্রতিটি নারীর সকালে ফল খাওয়া উচিত। সাইট্রাস জাতীয় ফল বাদে অন্যান্য ফল যেমন- আপেল, কলা, নাশপাতি, জাম ইত্যাদি খালি পেটে খেলে তা শরীরের কার্যক্রমে সহায়তা করে, শরীরে শক্তি জোগায় এবং ওজন কমাতে সাহায্য করে। তাছাড়া কিছু ফলে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে ভরপুর। যেসব ফল অ্যান্টি-এজিং এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেগুলো বেশি বেশি করে খাওয়া উচিত। তাছাড়া প্রতিদিনের খাবারে আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপুর শাক সবজি এবং ব্রকোলি রাখা উচিত।
কাঠবাদাম
কাঠবাদাম নারীদের সুস্বাস্থ্যের জন্য অনেক উপকারি। কারণ কাঠবাদামে প্রোটিনের পরিমাণ অনেক বেশি। রোজ কাঠবাদাম খেলে শরীরে প্রোটিনের ঘাটতি তৈরি হবে না। তা ছাড়া কাঠবাদামের আরও অনেক গুণ রয়েছে। হার্ট, ত্বকের খেয়াল রাখতেও কাঠবাদাম বেশ কার্যকরী ভূমিকা রাখে।
মসুর ডাল
প্রতিদিন যদি শুধু মসুর ডাল দিয়েও ভাত খান, তা হলে সমস্যা নেই। কারণ মসুর ডালেও রয়েছে ভরপুর প্রোটিন। একশো গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ পঁচিশ গ্রাম। উদ্ভিজ্জ প্রোটিন শরীরের নানা উপকারও করে। হজমের গোলমাল কমানো থেকে হার্টের খেয়াল রাখা, মসুর ডাল নিঃসন্দেহে শরীরের জন্য অনেক উপকার।
দুগ্ধজাত খাবারও পর্যাপ্ত পানি
নারীদের দুগ্ধজাত খাবার বেশি করে খাওয়া উচিত। কারণ, দুধ, দই, পনিরে রয়েছে প্রচুর পরিমানে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। যা হাড়কে মজবুত করতে সাহায্য করে। পাশাপাশি প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে। এতে শরীর সুস্থের পাশাপাশি ঝরঝরে থাকবে।
তবে নারীদের সুস্থতা নিশ্চিত করতে হলে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত চিনি এবং লবণ গ্রহণ থেকে বিরত থাকুন। খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। সুষম খাদ্য গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নারীদের সুস্থ জীবনধারার জন্য অত্যন্ত জরুরি।