বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে আটক ৮
ছবিঃ সংগৃহীত।
দিনাজপুরের বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই সহায়তাকারীসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ঘটনায় অনুপ্রবেশে সহায়তাকারী আরও পাঁচ জন পালিয়ে গেছেন।
সোমবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার অচিন্তপুর সীমান্তের ২৯৪নং মেইন পিলারের ৩নং সাবপিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে সীমান্তের ১০০ গজ দূরে চাপড়া গ্রাম থেকে তাদের আটক করে বিজিবির অচিন্তপুর বিওপি ক্যাম্পের সদস্যরা। ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে সোমবার রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- বগুড়া জেলা সদরের সাবগ্রাম এলাকার মংলা চন্দ্র দেবনাথ (৫২), মংলা দেবনাথের তিন ছেলে গণেশ চন্দ্র দেবনাথ (৪০), সোহাগ চন্দ্র দেবনাথ (৩১), বুদা চন্দ্র দেবনাথ (৩৫) ও বুদা চন্দ্র দেবনাথের ছেলে বিকাশ চন্দ্র দেবনাথ (১৬), দিনাজপুরের বিরল উপজেলার আকড় গ্রামের কামরুজ্জামান হিটলার (৩৫)।
অনুপ্রবেশে সহায়তাকারী বিরামপুর উপজেলার চাপড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে মমিনুর রহমান (৩৫) ও কায়েজ উদ্দিনের ছেলে ছইবুর রহমান (৩২)। এ ছাড়া আরও পাঁচ জন সহায়তাকারী পালিয়ে গেছে।
বিজিবির হাতে আটকরা জানান, তারা দীর্ঘদিন থেকে ভারতে শ্রমিক হিসেবে কাজ করেন। কিছু দিন আগে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাড়িতে এসেছিলেন। আবারও অবৈধভাবে ভারতে কর্মস্থলে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল করিম জানান, বিজিবির অচিন্তপুর বিওপি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী চাপড়া এলাকায় নিয়মিত টহলে যায়। এ সময় ওই টহল দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সীমান্তবর্তী চাপড়া গ্রামের মমিনুর রহমান ও ছইবুর রহমানের সহযোগিতায় কিছু বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশের লক্ষ্যে চাপড়া গ্রামে একত্রিত হচ্ছেন। এ সময় বিজিবির অচিন্তপুর বিওপি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় সীমান্তবর্তী চাপড়া গ্রামে তল্লাশি চালায়। ওই গ্রাম থেকে দুই অনুপ্রবেশে সহায়তাকারীসহ আট জনকে আটক করে।
তিনি জানান, পরে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ও ১৬টি ভারতীয় সিমকার্ড, আটটি বাংলাদেশি সিমকার্ড, একটি চার্জার, চারটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, একটি ভারতীয় আধার কার্ড ও একটি ভারতীয় প্যান কার্ড জব্দ করা হয়। এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে অনুপ্রবেশে সহায়তাকারী উপজেলার চাপড়া গ্রামের বিষু মিয়ার ছেলে রুস্তম আলী (২৭), জহির উদ্দিনের ছেলে মইনুর রহমান (৩২), শাহাজাহান আলীর ছেলে সোহেল রানা (২৭), কফিল উদ্দিনের ছেলে রাজু (৩৫) ও গোপালপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে সোহেল হোসেন (৩৫) পালিয়ে যান। এই ঘটনায় ওই চার জনকে পলাতক দেখিয়ে আটক আট জনের বিরুদ্ধে মামলাপূর্বক বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আট জনকে বিরামপুর থানায় সোপর্দ করেছে। ওই আট জনসহ পাঁচ জনকে পলাতক আসামি করে থানায় মামলা করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে সোপর্দ করা হয়েছে।