সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃস্টে কৃষকের মৃত্যু
প্রতিকী ছবি
সাতক্ষীরার শ্যামনগরের ইছাকুড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মুনসুর আলী কাগুচী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুযারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।
মুনসুর আলী ওই এলাকার মৃত আলী বকস কাগুচীর ছেলে।
মৃতের ছেলে আকবর হোসেন বলেন, ‘স্থানীয় হাজি ব্রিকস নামে একটি ইটভাটার পাশে আমাদের ৪০ শতক জমি নিয়ে ওই ভাটা মালিক মোস্তাক আহমেদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ কারণে তারা নানা সময়ে আমাদের জমির ফসলের ক্ষতি করে আসছিল। কিছুদিন আগে আমাদের জমির ওপর দিয়ে ভাটায় বিদ্যুতের সংযোগের তার নিয়ে যায়।
প্রতিদিনের মতো সকালে আব্বা আজও জমিতে কাজ করতে যান। ওই সময় ভাটার বিদ্যুতের তার জমির মধ্যে পড়েছিল। আব্বা তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান।
তিনি অভিযোগ করে আরও বলেন, ‘আমাদের সঙ্গে ভাটামালিক মোস্তাক আহমেদ, ম্যানেজার ইয়াসিনসহ তার ভাইয়ের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ রয়েছে। আব্বা তাদের অনেক মামলার সাক্ষী ছিল বলে তারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এখন তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে অভিযুক্ত ইটভাটা মালিক মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, নিহতের বাঁ হাতের পাঁচ আঙুল এবং ডান হাতের কবজির নিচের অংশ পুড়ে ছাই হয়ে গেছে। সুরতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।