ট্রাক নিয়ে গরু চুরির চেষ্টা,ট্রাক ফেলে পালালো চোর

ট্রাক নিয়ে গরু চুরির চেষ্টা,ট্রাক ফেলে পালালো চোর

ছবি : প্রতীকি

যশোরের শার্শায় গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে পালিয়েছে সংঘবদ্ধ চোরের দল। মঙ্গলবার রাতে উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শার্শা থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চোরের দল বাড়ির অদূরে ট্রাক রেখে স্থানীয় মাটিপুকুরিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মুরাদ হোসেনের বাড়ির গোয়াল ঘরের তালা ভাঙতে শুরু করে। এসময় শব্দ শুনে বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী চোরদের ধাওয়া দেয়। উপায়ন্তর না পেয়ে তারা কাঠুরিয়ার রাস্তায় ট্রাকটি ফেলে পালিয়ে যায়। ট্রাকের কোনো নম্বর নেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে শার্শা থানায় নিয়ে যায়।

মুরাদ হোসেন জানান, রাতে ৫/৬ জন চোর গোয়াল ঘরের তালা ভাঙছিল এ সময় তার ভাই খলিলুর শব্দ শুনে চিৎকার দিতে থাকেন। চোরেরা এ সময় তাদের ঘরের সিটকিনি লাগিয়ে দেয়। আশপাশের মানুষ এসে চোরের দলকে ধাওয়া করলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। এলাকাবাসী বাড়ির পাশে নম্বরবিহীন একটি ট্রাক উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ এসে ট্রাকটি থানায় নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।