লালমনিরহাটে উচ্ছেদ অভিযান, রেলওয়ের ১ একর জমি পুনরুদ্ধার
ছবি : সংগৃহীত
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ আজ সকালে লালমনিরহাট বিডিআর গেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।রোববার (১২ জানুয়ারি) দুপুরে শহরের বিডিআর গেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি সহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
এতে কাঁচা পাকা ২৫/৩০টি দোকান ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক একর জমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, অবৈধ স্থাপনা নির্মাণকারীদের ৩০ নভেম্বর গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৫ ডিসেম্বরের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্দেশনা উপেক্ষা করায় আজ এই অভিযান পরিচালনা করা হয়।
অন্যদিকে দীর্ঘদিন ধরে রেলওয়ের জমিতে অস্থায়ীভাবে ব্যবসা করে আসা ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদ করা হয়েছে।
ফল ব্যবসায়ী সবুজ জানান ২৭/২৮ বছর ধরে রেলের এই জায়গাতে ব্যবসা করে সংসার চালাই। এখন আমার এই ক্ষতি কে পূরণ করে দিবে? এ পর্যন্ত বিশ পঁচিশ বার উচ্ছেদ করা হয়েছে। আমাদেরকে কাগজ দিবে দিবে বলে পরে আর দেওয়া হয় না। আমাদের পুনর্বাসন করে এই ক্ষতি থেকে উদ্ধার করা হোক তা নাহলে পরিবারসহ আমরা না খেয়ে মরে যাব।
লালমনিরহাট রেলওয়ে সহকারী ভূ-সম্পতি কর্মকর্তা আব্দুল রাজ্জাক বলেন, রেলের জমি অবৈধ দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।