ইসরায়েলের বর্বর হামলায় গাজায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের বর্বর হামলায় গাজায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত

ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দখলদার দেশটির বর্বর হামলায় এক দিনে আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭১ জন।

এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়ার নিরলস হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৬ হাজার ৬০০ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন লক্ষাধিক।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫৮৪ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময় হামলায় আরও ৭১ জন আহত হয়েছেন। তাদের নিয়ে এক লাখ ৯ হাজার ৭৩১ জন আহত হয়েছেন।

উদ্ধারকারীরা যেতে না পারায় অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।