ভারতীয় রুপির রেকর্ড পতন, মুদ্রাস্ফীতির শঙ্কা
ফাইল ছবি
ডলারের বিপরীতে ভারতীয় রুপির দামের পতনে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে। এটাকে ‘অশনি সংকেত’ বলেই মনে করছে দেশটির অর্থনীতিবিদরা। কারণ, এতে মুদ্রাস্ফীতির শঙ্কা রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ০.৪ শতাংশ পতনের পর ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়িয়েছে ৮৬.৩৯।
মূলত ট্রাম্পের ক্ষমতায় ফেরা এবং মার্কিন আর্থিক নীতির কারণে ভারতীয় রুপির এই পতনের ধারা অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে।
অর্থনীতিবিদরা বলছেন, ভারতের অর্থনীতিতে এটি একটি বড় ধাক্কা। ভারতীয় রুপির এই পতনের ধারা অব্যাহত থাকতে পারে। দেশটিতে মুদ্রাস্ফীতির শঙ্কা সৃষ্টি হয়েছে।
ভারতীয় রুপির মানের এই রেকর্ড পতনের কারণ সম্পর্কে বিশেষজ্ঞদের মত, ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে মার্কিন নীতিতে বহু পরিবর্তন আসতে যাচ্ছে। মার্কিন শ্রম দপ্তরের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, সে দেশে চাকরির সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। বেকারত্ব দূর করতে এবং কর্মসংস্থানের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছে মার্কিন প্রশাসন।
মার্কিন অর্থনীতির অগ্রগতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতীয় মুদ্রায়। এমনিতে ডলারের তুলনায় দুর্বল ছিল ভারতীয় রুপি। ভারতের ক্ষেত্রে মোদি সরকার আত্মনির্ভর ভারতের মতো পদক্ষেপ নিলেও বিদেশি পণ্য আমদানির নির্ভরতা খুব একটা কমেনি। পণ্য রফতানিতেও খুব বিশেষ গতি আসেনি।
এর পাশাপাশি অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত ভিসায় কঠোর পদক্ষেপ নিতে পারে। ফলে যে ভারতীয়রা আমেরিকায় চাকরি করেন, তাদের ওপর বেশ প্রভাব পড়বে। আর সেই প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। মুদ্রাস্ফীতিও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে