বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর গ্রেফতার

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর গ্রেফতার

প্রতিকি ছবি

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রী মিম খাতুনকে (২৩) পিটিয়ে হত্যার মামলায় পলাতক প্রধান আসামি স্বামীসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

সোমবার (৩১ আগস্ট) ভোরে শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাবতলী উপজেলার বাওইটোনা গ্রামের সোহেল রানা (৩২) ও তার বাবা জামাল উদ্দিন (৫৮)।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের মার্চে সোহেল রানার সঙ্গে মিম খাতুনের বিয়ে হয়।

বিয়ের সময় কনেপক্ষ নগদ ১ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র দেয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই আরও মোটা অঙ্কের যৌতুকের দাবিতে মিমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

নির্যাতনের একপর্যায়ে মিম বাবার বাড়িতে চলে যান। পরে পারিবারিকভাবে তাকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

এরপর গত ২ আগস্ট রাতে সোহেল রানা তার শাশুড়ি সোলেনা বেগমকে ফোন করে জানান, মিম অসুস্থ হয়ে পড়েছেন। কিছুক্ষণ পর আবার ফোন করে মিমের মৃত্যুর খবর দেওয়া হয়। পরে স্বজনেরা গিয়ে তার লাশ দেখতে পান। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মিমকে হত্যার অভিযোগ করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গাবতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানা ও তার বাবা জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।