চাঁপাই সীমান্তে বিএসএফের হামলার প্রতিবাদে যশোরে মশাল মিছিল
ছবি: প্রতিনিধি
যশোর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনীর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি ২০২৫ রোববার রাত সাড়ে ৭টায় জাতীয় নাগরিক কমিটি সদর উপজেলা শাখার ব্যানারে মশাল মিছিলটি প্রেসক্লাব যশোরের সামনে থেকে শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে/দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা/বেনাপোল না পেট্রাপোল, বেনাপোল, বেনাপোল/সীমান্তে হামলা হলে, জবাব দিবে বাংলাদেশ/আওয়ামীলীগের দালালেরা হুশিয়ার সাবধান/ছাত্রলীগের দালালেরা, হুশিয়ার সাবধান, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়/ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও, গুড়িয়ে দাও/দালালী না রাজপথ, রাজপথ, রাজপথ ইত্যাদি। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান, জাতীয় নাগরিক কমিটির নুরুজ্জামান, সুয়াইব হুসাইন ও ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব জান্নাতুল ফোয়ারা অনতরা এবং সামিউল ইসলাম শিমুল।
বক্তারা বলেন, দিল্লির প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। শেখ হাসিনাকে নিজেদের দেশে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় ভারত। আগে বিজিবি সাহসিকতার পরিচয় দিয়ে সীমান্ত রক্ষা করেছে। এখন বাংলাদেশের মানুষ সীমান্ত রক্ষায় জীবন দিতে প্রস্তুত। তারা বলেন, বাংলাদেশ ভারতীয় আগ্রাসন চায় ন। দিল্লিকে লালকার্ড দেখিয়ে ঢাকা, ঢাকা স্লোগান দিয়ে ভারতে জানাতে হবে, তাদের আগ্রাসন আর মেনে নেওয়া হবে না। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারত যদি বাংলাদেশের দিকে ফের আঙুল তোলে তাহলে সেই আঙুল ভেঙে দেওয়া হবে।