তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধন

তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে মাসব্যাপী মেলার উদ্বোধন

সংগৃহীত

চাঁদপুরে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে মাসব্যাপী তাঁত, বস্ত্র, চারু ও কারু এবং পাটজাত পণ্য মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে চাঁদপুর আউটার স্টেডিয়ামে ফুলেল ফিতা কেটে, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তারুণ্যের উৎসবকে ভিন্নভাবে ব্যাখ্যা করে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের উৎসব ৫ আগস্ট সকাল ১১টার পর থেকে শুরু হয়েছে। তখন থেকেই তরুণরা উৎসব শুরু করে দিয়েছে। তরুণরা এই উৎসবের মাধ্যমেই দেশ গড়বে। দেশ গড়ার জন্যই আমরা এই তারুণ্যের উৎসবের আয়োজন করেছি।

তিনি আরও বলেন, আমরা কি চাই; সমাজ বিনির্মাণে তরুণরা ভূমিকা রাখবে। তারা পড়াশোনায়, সমাজ সংস্কার, সমাজের ত্রুটি-বিচ্যুতি বিষয়ে মনোযোগী হবে এবং সেগুলো আমাদের মাঝে তুলে ধরবে। সেই অনুযায়ী রাষ্ট্র এসব বিষয়ে ব্যবস্থা নেবে বলে আমরা বিশ্বাস করি।

জেলা প্রশাসক বলেন, আমরা চাই তরুণরা কোনো ভুল পথে যাবে না। তরুণরা মাদকাসক্তিতে জড়িত হবে না। তারা যেখানে অন্যায় দেখবে, সেখানেই প্রতিবাদ করবে।

স্থানীয় সরকারের উপ-পরিচালক ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া, গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. রবিউল।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। সঞ্চালনায় ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।