আদ্-দ্বীনের উদ্যোগে হাঁস পালন শীর্ষক খামার দিবস অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে যশোর জেলার খাজুরায় পেকিন জাতের হাঁস পালন প্রযুক্তি শীর্ষক খামার দিবস অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে মোছাঃ মাজেদা আপার বাড়িতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এর আয়োজনে এ খামার দিবস অনুষ্ঠিত হয়।
আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের সমন্বিত কৃষি ইউনিটভূক্ত প্রাণিসম্পদ খাত এর আওতায় সুস্বাদু ও অদিক মাংস উৎপাদনশীল পেকিন জাতের হাঁস পালন প্রযুক্তি শীর্ষক খামার দিবস অনুষ্ঠানে ৮০ জন নারী/পুরুষ অংশগ্রহণ করেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সজীব আহমেদ প্রিন্স হাঁস পালনের উপকারিতা, হাঁস পালনের জন্য সুষম খাদ্য ব্যাবস্থাপনা কিভাবে করতে হয়, হাঁস পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ, বাজার ব্যবস্থাপনসহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়ে খামারিদের অবহিত করেন।
এছাড়াও হাঁস পালনের বিভিন্ন সংক্রামক রোগ যেমন ডাক প্লেগ, ডাক কলেরা ও তার প্রতিকার, নিয়মিত ভ্যাকসিনেশন প্রদানের উপকারিতা, এন্টিবায়োটিকের যথাযথ ব্যাবহার রোধ, সংক্রামক রোগ সমূহে ভ্যাকসিন প্রদানের উপকারিতা,মাচায় হাঁস পালনের উপকারিতা সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আদ্-দ্বীন খাজুরা শাখার শাখা ব্যবস্থাপক উত্তম কুমার, অঞ্চল ব্যবস্থাপক হেদায়েতুল হক ও কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন।