বিদায় নিলেন ডোনাল্ড লু
ফাইল ছবি।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ডোনাল্ড লুর মেয়াদ গত ১৭ জানুয়ারি শেষ হয়েছে। তিনি ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ওই পদে নিয়োগ পান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, ডোনাল্ড লু বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে উৎখাতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। তিনি এর আগে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন নেপাল ও শ্রীলঙ্কায় মার্কিন স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২৩ সালে ডোনাল্ড লু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একাধিক মন্তব্য করেছিলেন। বিশেষ করে বাংলাদেশের ২০২৪ সালের নির্বাচন এবং ভিসানীতির বিষয়েও তিনি মতামত প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক ২০২৩ সালে ঢাকা সফর করেছিলেন এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৎকালীন সরকারের সঙ্গে আলোচনা করেন।
ডোনাল্ড লু দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত কিরগিজ প্রজাতন্ত্রে এবং ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আলবেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১০-২০১৩ সাল পর্যন্ত ভারতেও মার্কিন মিশনের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সূত্র: ডন