অবসর ভেঙে বাইশ গজে ফিরছেন ডি ভিলিয়ার্স

অবসর ভেঙে বাইশ গজে ফিরছেন ডি ভিলিয়ার্স

ছবি: প্রতীকী

২০১৮ সালের মে তে সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন ডি ভিলিয়ার্স। এরপর আর বাইশ গজের মাঠে ব্যাট হাতে তাকে দেখা যায়নি। ৩৬০ ডিগ্রি খেত এই তারকা এবার বাইশ গজে ফেরার ইঙ্গিত দিলেন৷ এক ইউটিউব চ্যানেলে সম্প্রতি ব্যাট হাতে নামার ইচ্ছেপ্রকাশ করেছেন সাবেক প্রোটিয়া স্টাম্পার-ব্যাটার ৷ অবশ্য আইপিএল কিংবা এসএ-২০ মত জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি লিগে নয়, একটু মজার ছলে চাপহীন হয়ে ক্রিকেটটাকে উপভোগ করতে চান বছর চল্লিশের ডি'ভিলিয়ার্স। 

ভিডিয়ো বার্তায় এবি ডি ভিলিয়ার্সকে বলতে শোনা যায়, 'বছর চারেক আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। মনে হয়েছিল, সেই বয়সে আমি আর খেলব না।' এবিডি সেখানেই থেমে থাকেননি। একইসঙ্গে তিনি বলেন, 'অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আর আমার ছেলেরা এ বার ক্রিকেট খেলতে শুরু করেছে। আমরা বাগানে মাঝে মাঝেই ক্রিকেট খেলি। আর সেই সময়ই আমার মনে হয়েছে এখনও আমার মধ্যে সেই খেলার আগুনটা জ্বলছে।' 

প্রোটিয়া সাবেক তারকা এবি ডি ভিলিয়ার্স ফের বাইশ গজে ফিরছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমি আবার জিমে যাওয়া শুরু করেছি। নেটে প্র্যাক্টিস করছি। অনেক ভাবনাচিন্তা করার পর আমি ঠিক করেছি এ বছরের জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের হয়ে খেলব।' দ্য গেম চেঞ্জার্স স্কোয়াডে অতীতে দেখা গিয়েছে জ্যাক কালিস, হার্শল গিবস, ডেইল স্টেইন ও ইমরান তাহিরকে। এ বার সেখানে এবি ডি ভিলিয়ার্সের যোগ দেওয়া মানে এই স্কোয়াড আরও বিধ্বংসী হয়ে উঠল। 

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস হল একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যেখানে অবসর নেওয়া ক্রিকেটাররা খেলেন। এ বার সেই টুর্নামেন্টের গেম চেঞ্জার্স দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সদের ব্যাটন দেখা যাবে এবিডির হাতে। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন এবিডি। এ ছাড়া ২২৮টি ওডিআই এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটে এবিডির রানের প্রাপ্তি যথাক্রমে - ৮৭৬৫, ৯৫৭৭, ১৬৭২। এ ছাড়া টেস্টে তিনি ২টি উইকেট নিয়েছেন। আর ওডিআইতে নিয়েছেন ৭টি উইকেট।