এবারের ইজতেমা ময়দানের নিরাপত্তা আগের চেয়ে সুদৃঢ়: আইজিপি
ছবিঃ সংগৃহীত।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে অনেক সুদৃঢ় করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
আইজিপি জানান, পুলিশ সকলের সহযোগিতায় যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় সক্ষম। এ সময় তিনি গণমাধ্যমের সহযোগিতাও প্রত্যাশা করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ইজতেমার উভয় পক্ষের আয়োজকগণ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে তারা আশাবাদী। আইজিপি বাহারুল আলম বলেন, ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকার নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবে।
বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক টিম, ক্রাইম সিন ভ্যান, চুরি, ছিনতাই ও পকেটমার প্রতিরোধ টিম এবং নৌ টহল থাকবে। রেলওয়ে স্টেশনেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, উল্লেখ করেন তিনি।
পুরো ইজতেমা ময়দান সিসিটিভির আওতায় থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইজতেমা ময়দানের প্রবেশপথসমূহে আর্চওয়ে স্থাপন এবং হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ এবং র্যাব সদস্য মোতায়েন থাকবেন। ইজতেমাস্থলে ভিআইপিদের যাতায়াত এবং বিদেশী মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং তাবলীগের মুরব্বীগণ উপস্থিত ছিলেন।