ফুটবলারদের বিদ্রোহে তোলপাড়, খতিয়ে দেখতে বাফুফের কমিটি গঠন
ফাইল ছবি
ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের সংকট চরম আকার ধারণ করেছে। আজ সন্ধ্যায় ১৫-১৭ জন নারী ফুটবলার বাফুফে ভবনের নিচে এই কোচের অধীনে অনুশীলন না করা এবং ফেডারেশন এই কোচকে রাখলে ফুটবল ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। নারী ফুটবলারদের এমন অবস্থানের পর বাফুফে আকস্মিক নড়েচড়ে বসেছে।
আজ রাতে বাফুফের কমিটির জরুরি সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতির সমন্বয়ে গঠিত সভায় নারী ফুটবলের উদ্ভূত সংকট নিয়ে একটি সাত সদস্যের কমিটি হয়েছে। সভা সুত্রের খবর, সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান এই কমিটির প্রধান। এই কমিটির অন্য সদস্যরা হলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম, দুই নির্বাহী সদস্য ছাইদ হাসান কানন ও সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন। নির্বাহী কমিটির বাইরে থেকেও করা হয়েছে এই কমিটির সদস্য এর মধ্যে একজন নারী আছেন বলেও জানা গেছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এই কমিটি নারী ফুটবলের সংকটের সকল বিষয় খতিয়ে দেখবে। মূলত আজ নারী ফুটবলাররা কোচের উপর যে অভিযোগগুলো এনেছেন সেগুলো এই কমিটি খতিয়ে দেখবে। কোচের উপর খেলোয়াড়দের আনীত অভিযোগ যেমন বিশ্লেষণ করবে তেমনি খেলোয়াড়রা পরিস্থিতি অস্থিতিশীল করছেন কিনা এটাও তারা দেখবে। নারী ফুটবলে সংকট এতদিন জিইয়ে রেখে খেলোয়াড়-কোচ দুই পক্ষ চরম মুখোমুখি অবস্থানের পেছনে বাফুফের নারী উইং দায় এড়াতে পারে না।
উদ্ভূত পরিস্থিতির পর বাফুফে কমিটি গঠন করেছে। অথচ দুই বছরের জন্য পিটার বাটলারকে নিয়োগ দিয়েছিল তখন কোনো আনুষ্ঠানিক সভাই হয়নি। তিন মাস পেরিয়ে গেলেও নারী উইংয়ের কমিটি প্রকাশ হয়নি। নারী উইংয়ের প্রধান ফুটবলারদের সঙ্গে সমস্যারা পরেও বাটলারের উপর আস্থা রেখেছেন এবং বাফুফে সভাপতি সেই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করেছে। ১৪ জানুয়ারি বিগত জরুরি কমিটির সভায় সভাপতি দুই কোচের চুক্তি নবায়নে ইতিবাচক মনোভাব পোষণের পর উপস্থিত অন্যরা সায় দেন।