শিবিরের হামলার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, পুনরাবৃত্তি হলে পাল্টা প্রতিরোধের হুঁশিয়ারি
সংগৃহীত ছবি
ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে তা পুনরায় ঘটলে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হন।
বিক্ষোভ চলাকালে ‘জামাত-শিবির, জামাত-শিবির, গুপ্ত-গুপ্ত’, ‘জামাত-শিবিরের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিভিন্ন ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবিরের হামলার অভিযোগ তুলে বলেন, ‘বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যদি আপনারা এধরনের কোনো হামলার পুনরাবৃত্তি করতে চান, কোনো ক্যাম্পাসে যদি আপনারা দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আরেকজন নেতাকর্মীও আপনাদের ক্যাম্পাসে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দিবে না।’
তিনি আরো অভিযোগ করেন, ৫ আগস্টের পর চট্টগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা মুনাফেকি ও সন্ত্রাসের রাজনীতি করে, যার প্রমাণ আমরা সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখেছি।’
নাসির সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের হামলার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সন্ত্রাসবিরোধী প্রতিরোধ গড়ে তোলা হবে।
সমাবেশে ছাত্রশিবিরের অতীত কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয় এবং সাম্প্রতিক কিছু রাজনৈতিক বক্তব্য টেনে জামায়াত নেতাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস অভিযোগ করেন, ছাত্রশিবির বিভিন্ন ক্যাম্পাসে ‘নেগেটিভ ন্যারেটিভ’ তৈরি করে অস্থিরতা সৃষ্টি করছে। তিনি বলেন, ‘এটা ড. মুহাম্মদ ইউনুস ভাইয়ের সরকার না, এটা বাংলাদেশে ৩১ দফা কর্মসূচি প্রণয়নকারী দেশনায়ক তারেক রহমানের সরকার।’
এসময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, ঢাবি কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূঁইয়া ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন এবং সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং কবি নজরুল ইসলাম কলেজ শাখার নেতাকর্মীরা অংশ নেন।