বিদ্রোহী ফুটবলারদের নিয়ে যা বললেন বাটলার

বিদ্রোহী ফুটবলারদের নিয়ে যা বললেন বাটলার

ছবি: সংগৃহীত

প্রধান কোচ পিটার বাটলারের বিপক্ষে আন্দোলন করছেন বাংলাদেশ জাতীয় নারী দলের সিনিয়র ফুটবলাররা। তবে সাবিনা খাতুনদের বিদ্রোহের ব্যাপার নিয়ে বেশি কিছুই ভাবছেন না বাটলার। তাঁর অধীনেই গত বছর সাফ চ্যাম্পিয়নপ্সহিপের শিরোপা ধরে রাখে নারী দল।

তবে চ্যাম্পিয়ন হওয়ার পরও বাটলারের অধীনে আর খেলতে চান না ফুটবলাররা। ব্রিটিশ কোচের অধীন কোনো কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছেন সাবিনা খাতুনরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ব্রিটিশ কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন সাবিনারা।

এদিকে আজ প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ নারী দল। বাটলারের অধীনে এ অনুশীলনে ছিলেন ১৩ জন নারী ফুটবলার। আজ সাংবাদিকদের বাটলার বলেন বিদ্রোহী ফুটবলাররা তাঁর ভাবনায় নেই। ব্রিটিশ এই কোচ বলেন, ‘যেসব খেলোয়াড় পেয়েছি, তাদের নিয়ে কাজ করছি। কাজ চলমান থাকবে।’

দলের সিনিয়র ফুটবলারদের কোচ বর্জনের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে ধারণা নেই। আমার কোনো আগ্রহও নেই।’ তাঁর অধীনে অনুশীলনে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়েরা দিবে জানিয়ে তিনি বলেন, ‘অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়েরা যোগ দেবে এবং তারা দেশকে সেবা দিতে প্রস্তুত থাকবে।’

এদিকে সিনিয়র ফুটবলারদের প্রতিবাদের বিষয়ে আজ বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার বলেন, ‘মেয়েদের ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবশ্যই চাইব মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে। এটাই আমাদের চাওয়া। এর বাইরে আর চাওয়া নেই। সেটা নিয়ে অনবরত আমরা কাজ করে যাচ্ছি।’