১-১ সমতায় থামল আর্সেনাল-আতলেতিকোর লড়াই
সংগৃহীত ছবি
ঘরের মাঠে পিছিয়ে পড়ে একের পর আক্রমণ করল আতলেতিকো মাদ্রিদ। সমতা ফেরানোর পর এগিয়েও যেতে পারত তারা; কিন্তু একাধিক সুযোগ নষ্ট যেমন হলো, তেমনি বাঁধ সাধল ক্রসবারও। আর্সেনালের বিপক্ষে লড়াই শেষ হলো সমতায়।
মাদ্রিদের মেত্রোপলিতানোয় বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগ ১-১ ড্র হয়েছে।
দুটি গোলই হয় পেনাল্টি থেকে। ভিক্তর ইয়োকেরেশ আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর, সমতা টানেন হুলিয়ান আলভারেস।
পরে আর্সেনালকে আরো একটি পেনাল্টি দেন রেফারি, তবে সেই সিদ্ধান্ত বদলান তিনি।
ম্যাচে বল দখলে দুই দলই ছিল প্রায় সমানে সমান।
গোলের জন্য আতলেতিকোর ১৮ শটের চারটি ছিল লক্ষ্যে। আর্সেনালের ১১ শটের দুটি লক্ষ্যে ছিল।
চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় আতলেতিকো। বক্সের বাইরে প্রতিপক্ষের কয়েকজনের বাধা এড়িয়ে আলভারেসের নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ রায়া।
দুই মিনিট পর সুযোগ আসে আর্সেনালের সামনে। বক্সে তাদের অধিনায়ক মার্টিন ওদেগোরের শট আটকে দেন পিএসজির এক ডিফেন্ডার।
আক্রমণ পাল্টা-আক্রমণ চলতে থাকে। তবে দুই দলের জমাট রক্ষণের সামনে কেউই খুব একটা সুবিধা করতে পারছিল না। ৩০তম মিনিটে বক্সের বাইরে থেকে আর্সেনালের ননি মাদুয়েকের বাঁকানো শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
৪৪তম মিনিটে বুলেট গতির সফল স্পট কিকে আর্সেনালকে এগিয়ে নেন ইয়োকেরেশ। এই সুইডিশ স্ট্রাইকারকে বক্সে আতলেতিকোর ডিফেন্ডার দাভিদ হান্সকো ফেলে দিলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্সেনালের ওপর চাপ বাড়ায় আতলেতিকো। ৪৭তম মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে আলভারেসের ফ্রি-কিক পোস্ট ঘেঁষে চলে যায়। ৫৩তম মিনিটে আলভারেসের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষক বরাবর শট করেন আদেমোলা লুকমান।
৫৬তম মিনিটে স্পট কিকে সমতা টানেন আলভারেস। মার্কোস ইয়োরেন্তের শট বক্সে আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইটের পা ছুঁয়ে হাতে লাগলে মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
৬৩তম মিনিটে এগিয়েও যেতে পারত আতলেতিকো। কিন্তু বক্সের ভেতর থেকে অঁতোয়ান গ্রিজমানের চমৎকার শট ক্রসবারে লেগে ফিরে আসে। পরক্ষণেই আরেকটি সুযোগ পান এই ফরাসি ফরোয়ার্ড। এবার তার শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে বাইরে যায়।
৭৪তম মিনিটে আরেকটি সুযোগ হারান লুকমান। বক্সের ভেতর বল পেয়ে এবারও ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি, তার শট ঠেকিয়ে দেন রায়া।
৭৮তম মিনিটে বক্সে হান্সকো বল দখলের লড়াইয়ে আর্সেনালের এবেরেচি এজের পা মাড়ানোয় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর মনিটরে রিপ্লে দেখে আগের সিদ্ধান্ত বদলান তিনি।
আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে হবে ফিরতি লেগ।