জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ফাইল ছবি
ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে সকল যানবাহন চলাচল করছে। এরইমধ্যে জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এনামুল হক (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে জয়পুরহাট-বগুড়া মহসড়কে কালাই পৌরশহরের ঠুশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও সহাকারি পালিয়ে গেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিন থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে।
নিহত ট্রাক চালক এনামুল হক জয়পুরহাট শহরের একাডেমি নগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে সকল যানবাহন হেড লাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে। সকাল সাড়ে ৯টার দিকে কালাই পৌরশহরের ঠুশিগাড়ি এলাকায় ব্র্যাক অফিসের সামনে বালু ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুই ট্রাকের ক্যাবিন দুমড়ে-মুচড়ে যায়। বালু বোঝাই ট্রাকের চালক ও সহকারি পালিয়ে গেলেও সিমেন্ট বোঝাই ট্রাকের চালক স্টিয়ারিং এর সাথে আটকে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে ক্যাবিন কেটে নিহত চালকে বের করেন।
ওসি জাহিদ হোসেন বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় আসলে লাশ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে অপর ট্রাকের চালক ও সহকারিকে আইনের আওতায় আনা হবে।