কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর টু মদনপুর হাইওয়ে সড়কের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
কাভার্ডভ্যানের চালক মো. আলমগীর হোসেন (৪২) বরিশাল জেলার বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জ থেকে সুতা বোঝাই করে মাধবদীর উদ্দেশ্যে রওনা হয়। কাভার্ডভ্যানটি নয়াপুর এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক কাজী আনোয়ার হোসেন এবং তার ছেলে কাজী আরাফ গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে পাঠানো হলে কাজী আনোয়ার রাস্তায় মৃত্যুবরণ করেন। কাজী আনোয়ারের ছেলে কাজী আরাফ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। চালকসহ গাড়িটি জব্দ করে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।
ওসি এম এ বারী বলেন, গাড়িসহ চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।