বরিশালের পারফরম্যান্সের রহস্য জানালেন কোচ বাবুল
ফাইল ফটো
গতবার রংপুর রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। গত আসরের চ্যাম্পিয়নরা এবারও দাপটের সঙ্গে খেলে ইতিমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। ধারাবাহিক এমন সাফল্যের রহস্য জানিয়েছেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল। বুধবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলটির কোচ জানান টিম বন্ডিংয়ের কারণেই বরিশালের এমন সাফল্য।
গত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার চ্যাম্পিয়ন হয় বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি। সেই ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে। ধারাবাহিক এমন সাফল্যের রহস্য জানিয়েছেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল। বুধবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দলটির কোচ জানান টিম বন্ডিংয়ের কারণেই বরিশালের এমন সাফল্য।
মিজানুর রহমান বলেন, ‘আমাদের যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, ওই দলটা ধরে রাখার চেষ্টা করেছি। তো ফলাফল পাওয়ার কারণ হলো বন্ডিং। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন খেলতে আসে দলের প্রতি একটা ফিলিংস কাজ করে। এই দরদের থেকেই ফল বের হয়। বেশিরভাগ ক্রিকেটার গত আসরে যারা খেলেছে, এবারও তারাই আছে। এটা একটা কারণ ফাইনালে ওঠার।’
বরিশালের কোচ আরও যোগ করে বলেন, ‘আমরা যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন দল। মিডিয়া বলেছে। ক্রিকেটাররাও বলেছে, আপনাদের তো খেলার দরকার নেই। এভাবে মজা নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই মনে হয়। চ্যাম্পিয়ন হতে পারব কিনা সেটা ৭ তারিখে বোঝা যাবে। তবে আমরা ফাইনালে উঠেছি। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে ফাইনাল খেলবো। আমরা সেই লক্ষ্যেই এগিয়েছি এবং যেতে পেরেছি।’
ফাইনালে প্রতিপক্ষ নিয়ে মিজানুর রহমান বাবুল বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে যে কেউই আসুক, আমাদের খেলতে হবে। আমি যদি বলি, একে চাই, ওকে চাই তাহলে অন্য একটা দলকে ছোট করা হবে। যে-ই আসুক, তাদেরকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। দুই দলের প্রতিই শুভকামনা রইল। যারাই আসুক, তাদের সঙ্গে আমরা খেলবো।’
কোচ হিসেবে মিজানুর রহমান সফল হলেও তাকে আন্ডাররেট করা হয়। যদিও বাংলাদেশের স্থানীয় কোচদের সবাইকেই কম বেশি আন্ডাররেট করা হয়।
এ প্রসঙ্গে বরিশালের কোচ বলেন, ‘আন্ডাররেটেড করে... কারা রেট করে, কীভাবে রেট করে সেটা তো আসলে যারা রেট করে তারা বুঝবে। আমার কাজ হলো কোচিং করানো, ভালো কিছু করা। আমি চেষ্টা করি আমার তরফ থেকে। যারা বিচার করবে, আরেকটা জায়গা থেকে। তারা তাদের দৃষ্টিতে... ওইটা তো আমার হাতে নেই। আমার হাতে যেটা, আমি চেষ্টা করি একটা দলকে কীভাবে সমন্বয় করা যায়। এই বছর আমার ভালো হচ্ছে। জাতীয় লিগে চার দিনের সংস্করণ ও টি-টোয়েন্টিতে আমার দল ফাইনাল খেলেছে। গত বছর বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছি। এবছরও আমার দল ফাইনালে উঠেছে। আল্লাহর কাছে শুকরিয়া।’