টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত ছিল না রোহিত-কোহলির
ছবি: সংগৃহীত
গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দীর্ঘদিনের আইসিসি শিরোপা খরা কাটিয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত, শিরোপা নির্ধারণী ম্যাচে দুর্দান্ত এক ইনিংস
খেলে দলের চ্যাম্পিয়ন হওয়ার পথ সুগম করেছিলেন বিরাট কোহলি। তবে দলের সেরা এ দুই তারকার বিশ্বকাপে খেলার কথাই নাকি নিশ্চিত ছিল না। বিশ্বকাপ জয়ের এতদিন পর এসে তাই জানিয়েছেন শুবমান গিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অজানা কথা প্রকাশ্যে এনেছেন শুভমন গিল। কোহলি, রোহিত ছাড়াও বিশ্বকাপ খেলে অবসর নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। গিল জানিয়েছেন, রোহিত, কোহলিকে বিশ্বকাপ তুলতে দেখা তাঁর কাছে তৃপ্তির ব্যাপার ছিল। গিল বলেন, “এক দিনের বিশ্বকাপের পর আমরা নিশ্চিত ছিলাম না রোহিত ভাই এবং বিরাট ভাই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না। তবে ওদের দু’জনকে বিশ্বকাপ জিততে দেখে খুব তৃপ্তি পেয়েছি।”
তিনি আরও বলেন, “ওই বিশ্বকাপ জিতে দীর্ঘ দিন আইসিসি ট্রফি না জেতার খরা কাটিয়েছিলাম। আমার মতে, ভারতীয় ক্রিকেট দলের জন্য একটা দারুণ সময় শুরু হয়েছে।”
গিল বলেন, “বিশ্বকাপ জয় একটা অসাধারণ অভিজ্ঞতা। আমার মনে আছে, ফাইনালের দিন বন্ধুদের সঙ্গে ওয়াশিংটনে সময় কাটাচ্ছিলাম। শেষ চারটে ওভার দেখেছি। পুরো ম্যাচ দেখতে পাইনি। তবে ওই চারটে ওভার এবং বিশ্বকাপ জিততে দেখা খুব স্বস্তির ছিল। কারণ আগের বিশ্বকাপটা ভাল যায়নি আমাদের কাছে।”