ফুলে ফুলে ভরা যশোরের গদখালী বাজার

ফুলে ফুলে ভরা যশোরের গদখালী বাজার

ছবি: প্রতিনিধি

টিআই তারেক: ফুল পবিত্র এবং সৌন্দর্যের প্রতিক। ঋতু বৈচিত্রের সবুজ বাংলাদেশে ফুল ভালবাসেনা এমন মানুষ অন্ধ অথবা হৃদয়হীন। গন্ধ এবং সৌন্দর্যের জন্য আমরা ফুল ভালবাসি। ফুল মানুষকে আনন্দ দেয়। ফুল খুব ভালবাসতেন প্রিয় রাসুল মহানবী হযরত মুহাম্মদ (স:)।
যশোরের ঝিকরগাছার গদখালী ও পানিসারা ইউনিয়নে মাঠের পর মাঠ চোখে পড়বে, গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাদা, জারবেরা, জিপসি, চন্দ্র মল্লিকাসহ নানা ধরনের ফুল চাষের দৃশ্য।
যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ঝিকরগাছার গদখালীতে প্রতিদিনই ফুলের বাজার বসে। সূর্য্য ওঠার আগেই খেত থেকে সংগ্রহ করা নানা জাতের রঙিন ফুল নিয়ে বাই সাইকেল, মোটরসাইকেল বা ভ্যানে হাজির হন কৃষক।


বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় দিবসগুলো উদযাপনে প্রচুর ফুলের চাহিদা রয়েছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস এবং ১লা ফাল্গুন বসন্ত দিবস ও ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ফুলের বেচাকেনা বেশি হওয়ায় এই সময় ফুল চাষীরা বাড়তি দাম পাবার জন্য মুখিয়ে থাকেন। বেশিদিন সরবরাহ ধরে রাখার উদ্দেশ্যে গোলাপে ক্যাপ লাগানো হয়েছে। গদখালী ফুল বাজারে গিয়ে কৃষকদের সাথে কথা বলে যা জানা গেল ফুলের উৎপাদন বেশি। কিন্তু চাহিদা কম হওয়ায় আশানুরুপ দাম পাচ্ছেন না তারা।
বছরের এই বিশেষ দিনগুলোতে ব্যবসা করার জন্য স্থানীয় বাজার, যশোর শহর এবং ঢাকা, খুলনা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা ছুটে আসেন ফুল সংগ্রহ করতে। আবার বাজারের পাইকারী ক্রেতারা ফুল কিনে বাস, ট্রাক ও পিকআপ বা রেলযোগে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে ফুল সরবরাহ করে থাকেন। এজন্য এখানে প্রতিদিন ফুল প্রসেসিং এবং ডেলিভারি কাজে ব্যস্ত থাকতে হয় স্থানীয়দের। অল্প দামে কৃষকের কাছ থেকে সরাসরি ফুল কিনে বাজারে বেশি দাম ধরতে পারবেন এই আশায় ঢাকা থেকে ছুটে এসেছেন তরুন উদ্যোক্তারা।


গদখালী ফুলচাষী ও কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ইমামুল হোসেন সাংবাদিকদের বলেন, বৃৃষ্টির কারণে একটু দেরিতে কৃষক বীজ রোপন করায় একই সময়ে বেশি ফুল উৎপাদন হয়েছে। সরবরাহ বেশি তাই এবার দাম একটু কম। যদিও তিনি বাজারদর বেশি বলে প্রচারের চেস্টা করেছিলেন।
এলাকা ঘুরতে আসা পর্যটক রফিকুল ইসলাম বললেন, এখানকার উৎপাদিত ফুল সহজে বিদেশী রপ্তানির সুযোগ তৈরি করা এবং ফুল উৎপাদিত এলাকা পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলার সম্ভবনা রয়েছে। এজন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপের গ্রহণের দাবি তার।