বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজে বর্ণাঢ্য পিঠা ও ফাল্গুন উৎসব

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজে বর্ণাঢ্য পিঠা ও ফাল্গুন উৎসব

ছবি : প্রতিনিধি

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজে বর্ণাঢ্য পিঠা ও ফাল্গুন উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ পিঠা ও ফাল্গুন উৎসবের আয়োজন করা হয়।

বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ সমূহের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে হরেকরকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। স্টল গুলোতে ছিটা রুটি, পানতুয়া পিঠা, কুমড়া পিঠা, মাছ পিঠা, চন্দ্রকুলী পিঠা, জামাই পিঠা, বিবিখানা পিঠা, বাসবুসা, নকশী পিঠা, চিতিই পিঠা, মাংস পিঠা, ঝিনুক পিঠা, গাজর পিঠা, দই, ডাবের পুডিং, নারিকেল নাড়ু, সন্দেশ ঝাল মুড়ি, মুড়ির মোয়া, পেয়ারা মাখা, আনারস মাখা, আমশত্ত, বিফ বার্গার,চিকেন বার্গার,চিকেন রোল, কেক, পায়েশ, পাকোড়া, পুড়িং, ফালুদা, রসমালাই, খাসির হালিম, ফ্রাইড রাইস, বিন্নী চালের পায়েসসহ বিভিন্ন ধরনের খাবার স্থান পায়।

অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘পিঠা উৎসব হল বাঙালি ঐতিহ্যের অন্যতম অংশ। এ উৎসব আমাদের বাঙালিয়ানাকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। পিঠা উৎসবের মত বাঙালি ঐতিহ্যের সকল উৎসব মাঝে মাঝে আয়োজন করা হলে হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষা পাবে।’

পিঠা উৎসবে বসুন্ধরা আদ্-দ্বীন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।