কাস্টমসের অভিযানে পঞ্চাশ হাজার শলাকা অবৈধ সিগারেট জব্দ
ছবি: প্রতিনিধি
শরিয়তপুর ও মাদারীপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের অভিযানে প্রায় পঞ্চাশ হাজার শলাকা অবৈধ দেশি ও বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে শরিয়তপুর জেলার ভোজেশ্বর বাজার এবং মাদারীপুর জেলার মোস্তফাপুর বাজারে এ অভিযান চালানো হয়।
জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে শরিয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্যান্ডের অবৈধ কমদামী সিগারেট ও বিদেশি সিগারেট বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের একটি চৌকস টিম শরিয়তপুর জেলার ভোজেশ্বর বাজার এবং মাদারীপুর জেলার মোস্তফাপুর বাজারে কয়েকটি দোকান ও ডিলারের গোডাউনে অভিযান ও তল্লাশি চালায়। এসময় পঞ্চাশ হাজার শলাকা ভার্গো টোব্যাকো উৎপাদিত নকল ব্যান্ডরোলযুক্ত কিংস সিগারেট এবং বিদেশি ওরিস সিগারেট জব্দ করা হয়।
এ ঘটনায় দীপ্তি স্টোর এর মালিক হরিপদ শাহার নামে মামলা দায়ের করা হয়েছে। জব্দ হওয়া অবৈধ সিগারেটগুলো ধ্বংসের জন্য কাস্টমস অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী রাজস্ব কর্মকর্তা জানান, অভিযানে বিপুল পরিমান অবৈধ দেশি ও বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। দৈনিক বিপুল পরিমান টাকার রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অবৈধ সিগারেট গুলো কাষ্টমস বিধি মোতাবেক জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলোরেন্স জারি করেছে। তাই নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।