গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সংগৃহীত

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট পোশাক কারখানায় শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে দুর্ভোগে পড়েন ওই মহাসড়ক চলাচলকারীরা।

শিল্প পুলিশ ও আন্দোলনরত শ্রমিক সূত্রে জানা গেছে, গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় হামিম গ্রুপের দ্যাটস ইট কারখানায় ৭৬ জন শ্রমিককে ছাঁটাইয়ের তালিকা দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। শিল্প পুলিশের আশ্বাসে দুপুর একটার দিকে অবরোধ তুলে নেয় শ্রমিকেরা।

শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষকে অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করতে হবে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যায়। মালিকপক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করা হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে।  এখন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।