চট্টগ্রামে একের পর এক পঞ্চম বিয়ে করার পর স্ত্রীর হাতে স্বামী খুন
ছবিঃ সংগৃহিত।
একের পর এক বিয়ে করায় মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবককে খুন করেছে তারই চতুর্থ স্ত্রী। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হালিশহরের এক আবাসিক এলাকায়। জানা গেছে, ওই ব্যক্তি পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর দায়ের কোপে খুন হয়েছেন।
এদিকে এই ঘটনার পর ঘাতক স্ত্রী নূর জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে আবাসিক এলাকার ৬ নম্বর লেন মর্জিনার মার কলোনিতে এ ঘটনা ঘটে।
খুনের শিকার মো. আলাউদ্দিনের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুরীতে। তিনি হালিশহরের ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার চতুর্থ স্ত্রীর নাম নুর জাহান (২৩)। তিনি নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা।
এদিকে এই বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম জানান, আলাউদ্দিন সম্প্রতি আবারও বিয়ে করেছেন জেনে নিজেকে সামলাতে পারেননি নুর জাহান। এর জের ধরে শনিবার দিবাগত রাত ২টার দিকে বাসার মধ্যেই ধারাল দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান।
মাহমুদা বেগমের ভাষ্যমতে, ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে সেই লাশ উদ্ধার করে। একই সময় ঘটনাস্থলে থাকা আসামি নুর জাহানকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।