ভাঙ্গায় মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার

ভাঙ্গায় মাদক কারবারি মা-ছেলে গ্রেফতার

ছবি : প্রতীকি

ফরিদপুরে মাদক বিক্রির সময় কারবারি মা ও ছেলেকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২৯ হাজার ৪শত ৬০ টাকা পাওয়া গেছে। 

গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দশটার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের একটি বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কালে তাদের আটক করা হয়। 

মাদক কারবারিরা হলো -ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের রেশমা আক্তার (৪০) এবং তার ছেলে শুভ হাওলাদার (১৯)।

ভাঙা থানার উপ-পরিদর্শক মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীর কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৯ হাজার ৪৬০ টাকা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। সোমবার দুপুরে তাদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।