যমুনা সার কারখানায় উৎপাদন শুরু
ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৩ মাস পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
তিনি বলেন, রোববার সন্ধ্যা ৬টা থেকে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে তিতাস গ্যাস পুনরায় যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধি করে। পরবর্তীতে কারখানার যন্ত্রাংশ মেরামত ও অ্যামোনিয়া প্ল্যান্ট চালু করে ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে গত বছরের ১৫ জানুয়ারি থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়। রোববার আমাদের সকলের সার্বিক সহযোগিতার প্রচেষ্টায় কারখানার উৎপাদন শুরু হয়। ৬০ শতাংশ হারে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের চাপ বৃদ্ধি হলে উৎপাদন হার বৃদ্ধি পাবে। উৎপাদনে যেতে পেরে আমরা খুশি।
যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার বলেন, গ্যাসের চাপ বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। ১৩ মাস ২৩ দিন উৎপাদন বন্ধ থাকার পর যমুনায় উৎপাদন, আমরা অনেক খুশি। শ্রমিক ভাই, কারখানা কর্তৃপক্ষ, বিসিআইসি কর্তৃপক্ষ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, এলাকাবাসীসহ সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের লুটেরারা ১৫ বছর কারখানায় লুটপাট চালিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। ১৩ মাস কারখানার উৎপাদন বন্ধ ছিল। আজকে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু এটা আমাদের আন্দোলনের ফসল। এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। অনিয়ম-দুর্নীতি বন্ধ করে কারখানার উৎপাদন চালু রাখতে হবে। তাহলে আমার দেশ দেশীয় ও বৈদেশিক মুদ্রাতেও লাভবান হবে।