এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সাজেকের আগুন
ছবিঃ সংগৃহীত।
রাঙামাটির সাজেকে লাগা আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কমে এসেছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বিকেল ৫টায় বলেন, ‘এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কমেছে।
পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।’
তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে বিমানবাহিনীর সাথে কথা হয়েছে, সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হবে। ইতোমধ্যে হেলিকপ্টার রওনা দিয়েছে সাজেকের উদ্দেশে।
অন্যদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাঙামাটি উপসহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারি বলছেন, ‘আমি এখনো সাজেক পৌঁছাতে পারিনি, পথে আছি।
সেখানে থাকা আমার সহকর্মীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা মোটামুটি কমে এসেছে এবং আমরা নিয়ন্ত্রণের পর্যায়ে আছি। সেখানে গেলে দেখার পর বিস্তারিত জানাতে পারব।’
এর আগে দুপুর পৌনে একটায় রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজ পল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয়। পাহাড়ের শীর্ষে অবস্থিত এই পর্যটন কেন্দ্রের আশেপাশে অগ্নিনির্বাপণ কোন ব্যবস্থা না থাকায় দ্রত আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যেতে থাকে একের পর এক কটেজ।
সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুইঘণ্টার দূরত্ব পাড়ি দিয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি কটেজ। পুরে যাওয়া কটেজের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয় সূত্রগুলো প্রায় ২০টি কটেজ ও রেস্টুরেন্ট এবং বেশ কয়েকটি স্থানীয়দের বাড়ি পুড়ে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে।