করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালুর প্রস্তাব চবি উপাচার্যের

করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালুর প্রস্তাব চবি উপাচার্যের

সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফকে করাচিতে (করাচি বিশ্ববিদ্যালয়) বাংলা বিভাগ চালুর প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের অফিসে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়। তখন চবি উপাচার্য পাকিস্তানের হাইকমিশনারকে এই প্রস্তাব দেন।

পাকিস্তানের হাইকমিশনারের প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন পাকিস্তান হাইকমিশনের বাণিজ্য ও বিনিয়োগ সংযুক্তি জাইন আজিজ ও পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গল।

এসময় চবি উপাচার্যকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উর্দু বিভাগ খোলার প্রস্তাব দেন। চবি উপাচার্য উত্তরে সৈয়দ আহমেদ মারুফকে করাচিতে (করাচি বিশ্ববিদ্যালয়) বাংলা বিভাগ চালু করার প্রস্তাব দেন। সেই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের হাইকমিশনার পাকিস্তানে বাংলা বিভাগ চালু আছে বলে জানান। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাহফুজুল হক (মাহফুজ পারভেজ) ও একই বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন প্রমুখ।

সাক্ষাতের পর দুপুর ১২টায় পাকিস্তানের হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ করেন। ‘রিসেন্ট ডায়ানামিক্স অব পাকিস্তান-বাংলাদেশ রিলেশন্স‌’ শীর্ষক সেমিনারে তিনি মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন।