গাইবান্ধায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে ঝর্ণা বেগম (১৯) নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভূট্টো। এর আগে ওইদিন সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঝরনার বাবা শহিদুল ইসলাম জানান, 'মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মেয়ের মৃত্যুর খবর শোনার পর সেখানে গিয়ে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পাই।
আমার মেয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল। মেয়েকে হত্যা করে আত্মহত্যার কথা বলা হয়েছে। '
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে শয়ন ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আশিকের পিতা রেজ্জাক মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।