ঢাবিতে ট্যুরিজম কার্নিভাল শুরু
সংগৃহীত
ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির (ডিইউটিএস) উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এ আয়োজন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্নিভাল উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিইউটিএস এর উপদেষ্টা অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, মাউন্ট এভারেস্ট জয়ী ষষ্ঠ বাংলাদেশী বাবর আলী, বিশ্ব রেকর্ডধারী সাইক্লিস্ট ও অভিযাত্রী তাম্মাত বিল খোয়ার প্রমুখ।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে দেশের পর্যটন শিল্পের বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
কার্নিভালের প্রথমদিনে ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের পর্যটন ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। এছাড়া ইকো-ট্যুরিজম এবং টেকসই পর্যটন নিয়ে সেমিনার ও টক-শো আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী কার্নিভালে কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।