ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নিলেন আলেম-ওলামারা
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় মামলা প্রত্যাহারের দাবিতে প্রায় পৌনে ৩ ঘণ্টা পর কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন আলেম-ওলামারা। প্রশাসনের আশ্বাসে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এর ফলে মহাসড়কের দুইপাশে অন্তত এক কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ ও ২০২১ সালে পৃথক সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় ৭৫টি মামলা হয়। এ সব মামলায় ৩ হাজারেরও বেশা হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেম-ওলামাদের আসামি করা হয়। এ সব মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হয়েছে উল্লেখ করে মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আগামী রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন।