গোরস্থানের গেট ভাঙা নিয়ে গাংনীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

গোরস্থানের গেট ভাঙা নিয়ে গাংনীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

ছবি : প্রতীকি

মেহেরপুরের গাংনীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে নিহত হৃদয় হোসেনের পক্ষের লোকজন। 

বুধবার দুপুরে উপজেলার চরগোয়াল গ্রাম ও রামনগর গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়। 

হৃদয় চরগোয়ালগ্রামের দিনমজুর শাহাদত হোসেনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চরগোয়ল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের অবস্থান রামনগর ও চরগোয়াল গ্রামের মাঝে মাঠের মধ্যে। ৪-৫ দিন আগে রামনগর গ্রামের মিরাজুল ইসলাম ওরফে মিরা নামের এক ব্যক্তি ট্রাক্টর ট্রলি নিয়ে মাঠে যায়। ট্রলি ঘোরাতে গিয়ে গোরস্থানের গেটের কিছু অংশ ভেঙে যায়। গেটের ক্ষতিপূরণের দাবিতে চরগোয়াল গ্রামের লোকজন আজ বুধবার দুপুরে রামনগর গ্রামের বাজারে যায়। 

এক পর্যায়ে ট্রাক্টর ট্রলির চাবি কেড়ে নেয় চরগোয়াল গ্রামের কয়েকজন। এ সময় জান্নাত অটো নামের একটি দোকানে বসে মীমাংসার আলোচনা চলছিল। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় চরগোয়াল গ্রামের হৃদয় ও জান্নাত অটোর মালিক জান্নাত আলীসহ আরও কয়েকজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বামন্দীর একটি হাসপাতালে নিয়ে গেলে হৃদয় মৃত্যু বরণ করে। 

এ খবর পেয়ে চরগোয়াল গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে গিয়ে জান্নাত অটোতে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এতে দুটি মোটরসাইকেল ও দোকানের সব কিছু পুড়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।